শিশু যত বড় হয় আর অগুনতি ডায়াপার বদলাতে বদলাতে, শিশুর পায়খানা নিয়ে আপনার মাথাব্যথা ততই কমে আসবে, এ কথা সত্যি! তবে মনে রাখা জরুরি, শিশুর কোনো সমস্যা হলে তার পায়খানায় সেই সংকেত বা লক্ষণ ধরা পড়ে। অর্থাৎ ছোট্টটি নিজে বলতে শেখার আগ পর্যন্ত তার পায়খানা খেয়াল করা বাবা-মায়ের একটি জরুরি কাজ। ততদিন যে ধরনের পায়খানার দিকে নজর রাখবেন:
পাতলা পায়খানা: ডায়রিয়া
পাতলা পায়খানা অ্যালার্জির লক্ষণ হতে পারে, যা ফর্মুলার দুধের প্রোটিন বা বুকের দুধ খাওয়ানো মায়ের খাওয়া কোনো খাবার থেকে হয়, অথবা পেটের সংক্রমণের লক্ষণও হতে পারে। দাঁত ওঠার সময় বেশি লালা গেলার কারণেও পায়খানা পাতলা হতে পারে।
পাতলা পায়খানা হলে শিশুকে পানি বা দুধ দিয়ে পানিশূন্যতা থেকে রক্ষা করুন, প্রয়োজনে ফর্মুলা দুধ বদলে দেখুন।
৩ মাসের কম বয়সী শিশুর পাতলা পায়খানার সাথে বেশি জ্বর থাকলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
শিশুর পায়খানায় রক্ত
পায়খানায় দু-একটি লাল ছোপ সাধারণত সমস্যা নয়, কোষ্ঠকাঠিন্যের কারণে এমন হতে পারে। তবে বারবার হলে বা পায়খানায় অনেক রক্ত থাকলে তা অ্যালার্জি, সংক্রমণ বা পরিপাকতন্ত্রের আঘাতের লক্ষণ হতে পারে, আর শিশু বিশেষজ্ঞকে অবশ্যই জানাতে হবে।
শিশুর পায়খানায় শ্লেষ্মা
সাধারণত সর্দি বা দাঁত ওঠার কারণে পায়খানায় শ্লেষ্মা আসে। মাঝেমধ্যে হলে তেমন চিন্তার কিছু নেই। ঘন ঘন বা অস্বাভাবিক পরিমাণে হলে তা পরিপাকতন্ত্রের সমস্যার লক্ষণ হতে পারে, শিশু বিশেষজ্ঞকে দেখানো উচিত।
ফেনাযুক্ত পায়খানা
বুকের দুধ খাওয়া শিশুর পায়খানা ফেনাযুক্ত হলে বোঝা যায়, শিশু পাতলা "ফোরমিল্ক" (শুরুর দিকের দুধ) বেশি আর চর্বিযুক্ত "হাইন্ডমিল্ক" (শেষের দিকের দুধ) কম পাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, সহজ সমাধান হলো একবারের খাওয়ানো এক স্তনেই শেষ করার চেষ্টা করা।
ফর্মুলা দুধ খাওয়া শিশুর ক্ষেত্রে ফেনাযুক্ত পায়খানা সংক্রমণ বা অ্যালার্জির লক্ষণ হতে পারে। অন্য লক্ষণগুলোর দিকেও খেয়াল রাখুন।
নুড়ির মতো শক্ত পায়খানা
এটি কোষ্ঠকাঠিন্যের স্পষ্ট লক্ষণ। কোষ্ঠকাঠিন্যের কিছু ঘরোয়া উপায় চেষ্টা করে দেখুন, তবে ২৪ ঘণ্টার বেশি সমস্যা থাকলে শিশু বিশেষজ্ঞের কাছে যান।



