গর্ভাবস্থায় নারীর শরীরে যে সাধারণ পরিবর্তনগুলো আসে, তার একটি হলো স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ। মা ও শিশুর স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর না হলেও স্ট্রেচ মার্কে চুলকানি হতে পারে, যা বেশ অস্বস্তিকর।
এছাড়া অনেকে মনে করেন, স্ট্রেচ মার্ক সৌন্দর্য কমিয়ে দেয়, আর তা থেকে হীনম্মন্যতাও তৈরি হয়।
স্ট্রেচ মার্কের কারণ
গর্ভাবস্থায় মায়ের ওজন বাড়ে, আর কতটা বাড়বে তা একেকজনের ক্ষেত্রে একেক রকম। স্বাভাবিকের চেয়ে বেশি ওজন বাড়লে শরীর দ্রুত প্রসারিত হয়। কিন্তু ত্বক হয়তো সেই গতির সাথে তাল মিলিয়ে প্রসারিত হতে পারে না। ফলে ত্বকের মাঝের স্তরটি অতিরিক্ত টান পেয়ে ফেটে যায়।
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনও স্ট্রেচ মার্কের আরেকটি কারণ হতে পারে। এই পরিবর্তন প্রায়ই ত্বকের কোলাজেন তন্তুকে দুর্বল করে দেয়। কোলাজেন তন্তু ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে, যাতে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত টান পড়ার পরও ত্বক আগের অবস্থায় ফিরে আসতে পারে।
কোলাজেন তন্তু দুর্বল হলে এই ক্ষমতা কমে যায়। তাই গর্ভাবস্থায় শরীর বাড়তে শুরু করলে তন্তুগুলো সহজেই ভেঙে যায়, আর স্ট্রেচ মার্ক তৈরি হয়। তবে এই কারণ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো কিছুটা মতভেদ আছে।
এছাড়া পরিবারে স্ট্রেচ মার্কের ইতিহাস থাকলে, গর্ভে যমজ শিশু থাকলে, কিংবা গর্ভাবস্থায় পলিহাইড্রামনিওস থাকলে স্ট্রেচ মার্কের সম্ভাবনা বেশি। পলিহাইড্রামনিওসে গর্ভের শিশুর চারপাশে অতিরিক্ত অ্যামনিওটিক তরল (গর্ভের পানি) জমে।
প্রতিরোধের উপায়
স্ট্রেচ মার্ক পুরোপুরি প্রতিরোধ করা যায় না। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে গর্ভাবস্থায় বাড়তি স্ট্রেচ মার্কের সম্ভাবনা কমানো যায়। যেমন:
• ত্বকের নমনীয়তা ধরে রাখা খুব জরুরি। এর জন্য আর ত্বককে মজবুত রাখতে কোলাজেন তন্তু থাকা দরকার। তাই কোলাজেন তৈরিতে সহায়ক খাবার বেশি খান, যেমন মাংস, মাছ, সবুজ শাকসবজি, আম, পেয়ারা আর কমলা। ভিটামিন সি-সমৃদ্ধ ফল শরীরে কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে।
• শুষ্ক ত্বক সহজে ফাটে, তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করা জরুরি। ক্রিমের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। শরীরের যেসব জায়গায় স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে নিয়মিত লোশন বা তেল মালিশ করলে উপকার পাবেন।
• ত্বক সতেজ রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। একজন সুস্থ গর্ভবতী নারীর দিনে গড়ে ২ থেকে ৩ লিটার, অর্থাৎ প্রায় ৮ থেকে ১২ গ্লাস পানি পান করা দরকার। তবে পানি পান নিয়ে ডাক্তার বিশেষ কোনো পরামর্শ দিয়ে থাকলে সেটাই মেনে চলুন।
• নিয়মিত ব্যায়াম রক্ত চলাচল বাড়ায়, যা ত্বককে সুস্থ রাখে। তাই গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়ামের অভ্যাস করুন।
• স্ট্রেচ মার্ক প্রতিরোধের আরেকটি উপায় হলো ওজন নিয়ন্ত্রণে রাখা। তবে কম খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন না, বরং স্বাস্থ্যকর খাবার খান। প্রয়োজনে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
চিকিৎসা
এই সমস্যার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে কিছু উপায়ে স্ট্রেচ মার্কের ঝুঁকি আর দাগের গাঢ়তা কমানো যায়। মূল কথা হলো, পেট বড় হওয়ার আগেই এগুলো শুরু করা আর পুরো গর্ভাবস্থা জুড়ে চালিয়ে যাওয়া।
• চুলকানি আর অস্বস্তি কমাতে ভালো মানের ময়েশ্চারাইজার দিয়ে ত্বক আর্দ্র রাখতে পারেন। বাজারের অনেক ক্রিম ও লোশন স্ট্রেচ মার্ক সারানোর দাবি করে, তবে এর পক্ষে কোনো ক্লিনিক্যাল প্রমাণ নেই।
• লেজার থেরাপিতে দাগ হালকা করা যায়, তবে সাধারণত পুরোপুরি মিলিয়ে যায় না।
• প্রসবের পর দাগগুলো সাধারণত নিজে থেকেই হালকা হয়ে আসে, তবে হয়তো কখনো পুরোপুরি যায় না।
• সন্তান জন্মের পরও স্ট্রেচ মার্ক হালকা না হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।



