গর্ভাবস্থায় ছত্রাক ও অন্যান্য সংক্রমণ
গর্ভবতী মাকে যত কিছু মেনে চলতে হয়, তা ভেবে হাঁপিয়ে উঠলে জেনে রাখুন, আমরা সবাই এই অনুভূতির মধ্য দিয়ে গেছি। হয়তো সবসময় পরিচ্ছন্নতা মেনে চলতে ইচ্ছা করে না, কিন্তু মেনে নিতে হবে যে গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।
তাই অভিজ্ঞতা থেকে একটি পরামর্শ: চোখে না দেখা জীবাণুর সংক্রমণে পাহাড়সম ঝামেলায় পড়ার চেয়ে সাবধান থাকা অনেক ভালো!
চলুন জেনে নিই কোন জীবাণুগুলো ক্ষতিকর, আর সেগুলো কী কী বিপদ ঘটাতে পারে।
লিস্টেরিয়া
লিস্টেরিয়া মনোসাইটোজেনেস একটি ব্যাকটেরিয়া, যা পাওয়া যায় পাস্তুরিত নয় এমন দুধ ও চিজের মতো দুগ্ধজাত খাবারে, কখনো কখনো প্রক্রিয়াজাত খাবার, আগে থেকে কাটা ফল বা সবজিতে, আর কাঁচা বা আধাসেদ্ধ মাছে। এটি লিস্টেরিওসিস নামের একটি গুরুতর সংক্রমণ ঘটায়, যার ফলে গর্ভপাত, মৃত সন্তান প্রসব, এমনকি নবজাতকের সংক্রমণও হতে পারে।
ই. কোলাই
এশেরিকিয়া কোলাই একটি ব্যাকটেরিয়া, যা বেশিরভাগ থাকে আধাসেদ্ধ মাংসে, পাস্তুরিত নয় এমন দুধে, না ধোয়া সবজিতে আর কাঁচা অঙ্কুরে। এটি মারাত্মক ডায়রিয়া ও পানিশূন্যতা ঘটাতে পারে, এমনকি কিডনি বিকল হয়ে যেতে পারে।
সালমোনেলা
সালমোনেলা একটি ব্যাকটেরিয়া, যা পাওয়া যায় আধাসেদ্ধ মুরগি, ডিম আর পাস্তুরিত নয় এমন দুধে। গর্ভাবস্থায় এটি মারাত্মক খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে, যার ফলে ডায়রিয়া আর বমি হয়।
ট্রাইকিনেলা
ট্রাইকিনেলা একধরনের পরজীবী কৃমি, যা এই কৃমিতে আক্রান্ত হতে পারে এমন যেকোনো প্রাণীর লাল মাংসে পাওয়া যায়। এটি জ্বর, মুখ ও চোখ ফুলে যাওয়া, পেশিতে ব্যথা আর পেটের সমস্যা ঘটাতে পারে। তার ওপর এই পরজীবী গর্ভফুলে পৌঁছে শিশুকে সংক্রমিত করতে এবং গর্ভপাত ঘটাতে পারে।
ক্যাম্পাইলোব্যাক্টার
এই ব্যাকটেরিয়া বেশিরভাগ পাওয়া যায় দূষিত পানি, আধাসেদ্ধ মুরগি আর পাস্তুরিত নয় এমন দুধে। এটি গর্ভবতী মায়ের ডায়রিয়া, পেটে কামড়ানো ব্যথা আর জ্বর ঘটাতে পারে।
টক্সোপ্লাজমা গন্ডি
এই পরজীবী সাধারণত পাওয়া যায় শূকর, ভেড়া ও হরিণের মাংসে, দূষিত মাটিতে, বিড়ালের মলে আর না ধোয়া ফল ও সবজিতে। এটি গর্ভফুলে পৌঁছে শিশুর মারাত্মক সমস্যা ঘটাতে পারে, যেমন স্নায়ুতন্ত্রের সমস্যা, চোখের ক্ষতি, এমনকি মৃত সন্তান প্রসব।
ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম
এই ব্যাকটেরিয়া পাওয়া যায় মধু (এক বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর), টিনজাত খাবার আর মাটি লেগে থাকা তাজা ফল ও সবজিতে। এটি একটি মারাত্মক বিষ তৈরি করে, যা বটুলিজম রোগ ঘটায়, আর গর্ভবতী মায়ের শ্বাস নিতে ও গিলতে কষ্ট হতে পারে।
স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস
এই ব্যাকটেরিয়া থাকে অসাবধানে নাড়াচাড়া করা বা ঠিকমতো সংরক্ষণ না করা খাবারে, বিশেষ করে দুগ্ধজাত খাবার, মাংস আর সালাদে। এটি গর্ভবতী মায়ের রক্তে সংক্রমণ ঘটাতে পারে।
নিজের আর ছোট্টটির অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে সবসময় পাস্তুরিত দুগ্ধজাত খাবার খান, নিরাপদ পানি ব্যবহার করুন, প্রক্রিয়াজাত খাবার ভালোভাবে গরম করে খান, ফল ও সবজি ভালো করে ধুয়ে নিন, আর কাঁচা মাছ পুরোপুরি এড়িয়ে চলুন।



