প্রিয় মায়েরা, আমরা জানি, প্রত্যেক গর্ভবতী মায়ের লক্ষণ আলাদা হয়। একই মানুষের পরপর দুটি গর্ভাবস্থায়ও একেবারে আলাদা লক্ষণ দেখা দিতে পারে। হঠাৎ কিছু খাবারে অরুচি হতে পারে, আর খিদে কমে যাওয়ায় প্রতিদিনের খাবার থেকে পুষ্টিকর খাবারও বাদ পড়ে যেতে পারে। অনেক গর্ভবতী নারীই এই সমস্যায় পড়েন।
তবে সবার এমন হয় না। আর হলেও দুশ্চিন্তার কিছু নেই। শুধু খাবার একটু বুঝেশুনে বেছে নিতে হবে। এতে আপনার খাবারে জরুরি পুষ্টির ঘাটতি হবে না, অপুষ্টি আর এ সংক্রান্ত অন্য সমস্যাও এড়ানো যাবে।
কখন শুরু হয়?
গর্ভাবস্থায় খাবারে অরুচি যেকোনো সময় শুরু হতে পারে, আর একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। কারও কারও একদমই অরুচি হয় না।
কোন খাবারে অরুচি হয়?
কোন খাবারে অরুচি হবে, তার নির্দিষ্ট তালিকা নেই, কারণ এটি ব্যক্তিভেদে আলাদা। তবে সাধারণত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, দুধ, চা বা কফি, এমনকি ঝাল খাবারেও অরুচি হতে দেখা যায়।
পুষ্টিকর খাবার এড়িয়ে চললে অনেকের অপুষ্টির ঝুঁকি তৈরি হয়। তাই পুষ্টিসমৃদ্ধ খাবারে অরুচি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে ডাক্তার সাপ্লিমেন্ট বা বিকল্প খাবারের পরামর্শ দিতে পারেন।
কী করবেন?
গর্ভাবস্থায় পুষ্টিহীন খাবারে (যেমন ভাজাপোড়া) অরুচি হলে সেগুলো এড়িয়ে চলাই ভালো। কিন্তু পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার ভালো না লাগলে প্রতিদিনের খাবার বাছাইয়ে সচেতন থাকুন, যাতে অরুচির কারণে জরুরি পুষ্টি থেকে বঞ্চিত না হন।
কিছু পরামর্শ
১. প্রতিদিন পুষ্টিকর খাবার খান
যে খাবার ভালো লাগছে না, তার বদলে অন্য পুষ্টিকর খাবার খেতে পারেন। যেমন মাছ ভালো না লাগলে মাংস, ডিম বা দুধ বেশি খান।
কিছু স্বাস্থ্যকর খাবার ভালো না লাগলেও অল্প অল্প খাওয়ার চেষ্টা করুন। স্বাদ বদলাতে ভিন্ন ভিন্নভাবে রান্না করেও দেখতে পারেন। অপুষ্টি এড়াতে কোনো পুষ্টিকর খাবার যেন পুরোপুরি বাদ না পড়ে।
২. হালকা ও গন্ধহীন খাবার খান
কড়া গন্ধের খাবার ভালো না লাগলে হালকা, গন্ধহীন খাবার খান, যেমন রাইস কেক, মুড়ি বা বিস্কুট। তবে এগুলোতে প্রয়োজনীয় সব পুষ্টি থাকে না, তাই অন্য স্বাস্থ্যকর খাবারও খাওয়ার চেষ্টা করুন।
খাবারের গন্ধে বমি বমি লাগলে লেবু বা অন্য টক ফল দিয়ে খাবার খেয়ে দেখুন, বমি ভাব কমতে পারে।
৩. ডাক্তারের পরামর্শ নিন
অরুচি বেড়ে গেলে আর সাধারণ পরামর্শে কাজ না হলে ডাক্তার দেখান। সুস্থ থাকতে তিনি পুষ্টি সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দিতে পারেন।
কেন এমন হয়?
গর্ভাবস্থায় খাবারে অরুচির নির্দিষ্ট কারণ জানা যায়নি। ধারণা করা হয়, গর্ভাবস্থার শারীরিক পরিবর্তনের কারণেই স্বাদের এই পরিবর্তন হয়। এছাড়া বমি ভাব আর বমির সাথে নানা খাবারে অরুচির সম্পর্ক আছে। কিছু গবেষণা বলছে, মা ও গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এমন খাবারে অরুচি হওয়ার সম্ভাবনা বেশি, তবে এর পক্ষে জোরালো প্রমাণ নেই।



