গর্ভাবস্থায় খাবারে অরুচি হোক বা কোনো খাবারের প্রতি তীব্র ইচ্ছা, অপুষ্টির মতো সমস্যা এড়াতে খাবার বাছাইয়ে সচেতন থাকা খুব জরুরি।
কিছু গর্ভবতী মায়ের নির্দিষ্ট কোনো খাবারের প্রতি খুব তীব্র ইচ্ছা জাগে। তবে সবার এমন হয় না। আর হলেও দুশ্চিন্তার কিছু নেই। খাওয়ার অভ্যাসে ছোট কিছু পরিবর্তন আনলেই অতিরিক্ত খাওয়ার প্রবণতা সামলানো যায়।
কখন শুরু হয়?
গর্ভাবস্থার নির্দিষ্ট কোনো সময়ে খাবারের প্রতি তীব্র ইচ্ছা শুরু হয় না। একেকজনের ক্ষেত্রে এটি একেক সময়ে, একেক খাবারে দেখা দেয়। কারও কারও একদমই হয় না।
সাধারণত প্রথম তিন মাসেই নির্দিষ্ট খাবারের প্রতি ইচ্ছা শুরু হয়, কখনো কখনো গর্ভাবস্থার পাঁচ সপ্তাহেই। গর্ভাবস্থার মাঝের মাসগুলোতে (চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মাস) এই ইচ্ছা প্রায়ই বেড়ে যায়, আর শেষ তিন মাসে (সপ্তম, অষ্টম ও নবম মাস) কমে আসে।
নির্দিষ্ট কোনো খাবার?
গর্ভাবস্থায় কোন খাবারের প্রতি ইচ্ছা জাগবে, তার নির্দিষ্ট তালিকা নেই, কারণ একেকজনের ইচ্ছা একেক খাবারে।
কারও হয়তো ফ্রাই আর চিপসের মতো তেলে ভাজা খাবার খেতে ইচ্ছা করে, আবার কারও আগে যে খাবার পছন্দ ছিল না, সেটাই খুব খেতে ইচ্ছা করে। গর্ভাবস্থায় এমন ইচ্ছা হওয়া স্বাভাবিক, তাই এ নিয়ে বেশি চিন্তা করবেন না।
গর্ভাবস্থায় পছন্দের খাবার উপভোগ করায় কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত খাওয়া চলবে না। সব ধরনের খাবার পরিমিত খান আর পুষ্টিমানের দিকে খেয়াল রাখুন। একই খাবার বা কম পুষ্টির খাবার বেশি খেলে মা ও শিশু দুজনেরই অপুষ্টি হতে পারে, সাথে ওজন বাড়া আর নানা স্বাস্থ্য জটিলতা।
কী করবেন?
গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার নিশ্চিন্তে খেতে পারেন, তবে অতিরিক্ত নয়। প্রক্রিয়াজাত, তেলযুক্ত, ভাজাপোড়া আর মিষ্টি খাবার সীমিত রাখাই ভালো, কারণ এগুলো মা ও শিশু দুজনের জন্যই ক্ষতিকর হতে পারে। কলিজার মতো কিছু খাবার খুব খেতে ইচ্ছা করলেও গর্ভাবস্থায় তা এড়িয়ে চলা ভালো।
কিছু পরামর্শ
১. প্রতিদিন পুষ্টিকর খাবার খান
ইচ্ছার কাছে হার মানার আগে খাবারটির পুষ্টিমান ভেবে দেখুন। জাঙ্ক ফুড আর অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন, সম্ভব হলে পুষ্টিকর বিকল্প বেছে নিন।
২. কম কম করে, বারবার খান
অস্বাস্থ্যকর খাবারের ইচ্ছা সামলাতে একবারে বেশি না খেয়ে সারাদিনে অল্প অল্প করে কয়েকবার খান। এতে পুষ্টিহীন খাবার খাওয়া কমে আসে।
৩. মন অন্যদিকে দিন
বারবার একই খাবার খেতে ইচ্ছা করলে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন। হালকা ব্যায়াম করুন, একটু হাঁটুন বা কারও সাথে গল্প করুন।
কেন এমন হয়?
গর্ভাবস্থায় খাবারের প্রতি তীব্র ইচ্ছার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ধারণা করা হয়, গর্ভাবস্থার শারীরিক পরিবর্তন আর বেড়ে যাওয়া পুষ্টির চাহিদার কারণেই স্বাদের এই পরিবর্তন হয়। কিছু গবেষণা বলছে, কোন খাবারের প্রতি ইচ্ছা জাগবে, তাতে পরিবেশ আর সংস্কৃতিরও প্রভাব আছে।
এছাড়া গর্ভাবস্থায় সাধারণত খাওয়া হয় এমন কিছু খাবার, যেমন টক ফল, বমি ভাব আর বমির সাথে সম্পর্কিত হতে পারে, তবে এর পক্ষে এখনো জোরালো প্রমাণ নেই।



